রোজিনাকে দেখতে আমার চাচাতো বোনের মতো: ইলিয়াস কাঞ্চন

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন দুই তারকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারা ছিলেন একে-অন্যের প্রতিপক্ষ। দুজনেই যে যার পদে জয় পেয়েছেন। যদিও দুই প্যানেলের বৈরিতা এখনো কাটেনি। প্রতিপক্ষ প্যানেলের সেই রোজিনারই প্রশংসা শোনা গেল অভিনেতা-সমাজসেবক ইলিয়াস কাঞ্চনের মুখে।

চিত্রনায়িকা রোজিনা তার মায়ের নামে একটি মসজিদ বানিয়েছেন নিজ এলাকা রাজবাড়ীর গোয়ালন্দের ৫নং ওয়ার্ডে। নাম দিয়েছেন ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। তুরস্কের মডেলে দৃষ্টিনন্দন সেই মসজিদ বানাতে নায়িকা খরচ করেছেন দুই কোটি টাকা। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে সেটির উদ্বোধন করেন রোজিনা। এ সময় সেখানে নায়ক ইলিয়াস কাঞ্চনও উপস্থিত ছিলেন।

রোজিনার এহেন কাজে ভিষণ খুশি ‘বেদের মেয়ে জোছনা’র এই নায়ক। তিনি বলেন, ‘রোজিনার এমন মহৎ কাজে আমি বিস্মিত। তিনি তার মায়ের নামে সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার। রোজিনা তার এলাকায় এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন, আসলেই এটা মহৎ কাজ।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যি কথা বলতে, রোজিনাকে দেখতে আমার চাচাতো বোনের মতো। চেহারার এই মিলটা রোজিনার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে সাহায্য করেছে। পরে আমরা ভালো সহকর্মী হয়ে উঠেছি।’

কাঞ্চনের সঙ্গে প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে রোজিনা বলেন, ‘বংশধর সিনেমার শুটিং ছিল মানিকগঞ্জে, যখন বলল কাঞ্চন আছে, তখন আমি আর ও একসঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজটি করেছি।’

সহশিল্পী হিসেবে দুজনে-দুজনার প্রতি খুবই শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছেন এখনও। তবে এ দুই শিল্পীকে নিয়ে আশির দশকে গুঞ্জনও ছিল কিছু।

সহকর্মী থেকে বন্ধু হয়ে উঠলেন কবে? এ প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন, ‘আপনারা সাংবাদিকরা অনেক সময় বন্ধুত্বকে প্রেমে পরিণত করেন।’

এমন ঘটনা ঘটেছে জানিয়ে কাঞ্চন বলেন, ‘একবার এমন একটা খবর হয়েছিল যে আমার আর রোজিনার নাকি প্রেম চলছে। এ খবর পড়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এতটাই লাজুক ছিলাম, বিশ্বাস করেন, ওই খবরের পর রোজিনা যে দিকে, আমি তার উল্টা দিকে।’

খবরটিকে একদম মিথ্যা উল্লেখ করে কাঞ্চন আরও বলেন, ‘আমার ওস্তাদ সুভাষ দত্ত বলেছিলেন, খবরদার প্রেমে পড়িস না, তাইলে আর আগাইতে পারবি না। ওরকম সংবাদে তো আমি অভ্যস্ত না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

রোজিনাও সায় মিলিয়ে বলেন, ‘হেডিংটাও ওরকমভাবে দিত, যেন মানুষ পড়ে।’

অভিনেত্রী রোজিনা ১৯৭৭ সালে ‘আয়না’ সিনেমার মাধ্যমে প্রথম দর্শকদের সামনে আসেন। এরপর ‘রাজমহল’ সিনেমায় চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি ১৯৭৮ সালে মুক্তি পায়। সিনেমাটি সুপারহিট হওয়ায় তাকে আর ফিরে তাকাতে হয়নি।

সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ তার পরিচালিত প্রথম সিনেমা। সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। তার সবশেষ অভিনীত ‘রাক্ষুসী’ মুক্তি পায় ২০০৫ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *