নতুন পরিচয়ে প্রকাশ্যে এলেন মিথিলা

জানুয়ারির প্রথম সপ্তাহে আসে ঘোষণা। ঘোষণাটা হলো দেশের অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা কাজ করতে যাচ্ছেন কলকাতার ওয়েব সিরিজ মন্টু পাইলটের দ্বিতীয় সিজনে।

জানুয়ারির শেষভাগে শুরু হয় শুটিং। মার্চের শেষে এল সিরিজে মিথিলার লুক। মন্টু পাইলটের দ্বিতীয় সিজনে মিথিলার চরিত্রের নাম বহ্নি।

মিথিলা তার চরিত্রের লুক শেয়ার করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন মুখ, নতুন পরিচয়/নীলকুঠির দরজায়…’

গল্পে নীলকুঠি একটি যৌ নপল্লীর নাম। সেখানে বহ্নি কীভাবে চলে আসে, সেই গল্প রয়েছে। সেখানকার রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে আছেন সৌরভ দাশ। প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।

‘মন্টু পাইলট’-এর এই চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। তার স্থলাভিষিক্ত হলেন মিথিলা। যদিও মিথিলা এটাকে স্থলাভিষিক্ত বলতে নারাজ।

তার দাবি, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’

এদিকে মিথিলার সঙ্গে অভিনয় করা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন সৌরভ দাস। শুটিং শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, ‘আমি অভিনেত্রী মিথিলার বড় ভক্ত। বাংলাদেশে অনেক কাজ করেছেন। ভালো অভিনেত্রী বিপরীতে থাকলে নিজের কাজটাও আপনা আপনি ভালো হয়ে যায়। ভালো অভিনয়ের ইচ্ছাও জাগে। আর সৃজিত মুখার্জির স্ত্রী আমার বিপরীতে অভিনয় করবেন, তার জৌলুসই আলাদা! তবে এখনো আমরা একে অন্যের মুখোমুখি হইনি! তাই একটু টেনশন হচ্ছে!’

পরবর্তীতে অবশ্য মিথিলার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সৌরভের। ফেব্রুয়ারি মাসে তারা হাসি-আনন্দে শুটিং করেছেন। আবার ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে আবেগাপ্লুত হয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন শহীদদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *