গতকাল মাথা ঘুরে পড়ে গিয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। হাসপাতালে ভর্তির খবর পরী নিজেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।
ফেসবুকে পোস্টে পরী হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ ক্যাপশনে লেখেন, ‘একটি দুর্ঘটনা’।
হাসপাতালে ভর্তির পর অন্তসত্ত্বা পরীমণিকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। অন্তসত্ত্বা অবস্থায় হুট করে অসুস্থ হয়ে পড়ায় অনেকের দুঃশ্চিন্তায় ছিলেন পরীকে নিয়ে।
সোমবার পরীর শারীরিক অবস্থার খবর নিতে নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পরীমণি অসুস্থ হওয়ার পর সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
চয়নিকা চৌধুরী জানান, পরী এখন আপাতত ভালো আছেন। বিপদ কেটেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে।
চয়নিকা বলেন, আমি আজ সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরীমণি এখন আগের থেকে অনেক ভালো আছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবাই ওর জন্যে প্রার্থনা করবেন।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমণি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমণি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তিনি।
