গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে লড়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। কিন্তু তিনি হেরে যান। পরবর্তীতে এই পদে মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী অ্যাকশন হিরো রুবেল পদত্যাগ করে সেখানে রিয়াজকে বসাবেন গুঞ্জন উঠলেও সেটি আর হয়নি। তবে শেষমেশ শিল্পী সমিতিতে ঠিকই পদ পেলেন রিয়াজ।
যদিও সহ-সভাপতি নয়, কার্যনির্বাহী পদে বসানো হচ্ছে এই অভিনেতাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী চিত্রনায়িকা রোজিনা। তারই স্থলাভিষিক্ত করা হচ্ছে রিয়াজকে। শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে কার্যনির্বাহী পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন বিকাল চারটায় শুরু হওয়া ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নিপুণ আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আরমান এবং কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, অমিত হাসান ও কেয়া। যদিও শনিবারের মিটিংয়ে উপস্থিত ছিলেন না চিত্রনায়ক রিয়াজ।
কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়।’
তিনি আরও বলেন, ‘মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’
জানা গেছে, আগামী ৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে রিয়াজ বলেন, ‘রোজিনা আপার পদত্যাগের কারণে যে পদটি শূন্য হয়েছিল, সেখানে আমাকে নেওয়া হয়েছে। যারা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ।’
