এবার নির্বাচনের মাঠে নামছেন ডিপজল-সেলিম খান!

দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গত ২৮ জানুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের উত্তাপ এখনও পুরোপুরি কমেনি। এর মধ্যেই চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে নির্বাচন হবে।

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে এবার জোট বেঁধেছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি অর্থ লগ্নীকারী দুই প্রযোজক। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও মনোয়ার হোসেন ডিপজল।

সেলিম খান এরই মধ্যে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ১২ মাসে ১২টি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী নির্মাণ করে যাচ্ছেন এই প্রযোজক।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল গণমাধ্যমকে বলেন, ‘আমরা একের পর এক সিনেমা নির্মাণ করি। কিন্তু যারা সিনেমা বানাচ্ছেন না, তারাই এই চেয়ারের জন্য নির্বাচন করেন। সে জন্য এবার নির্বাচনে অংশ নিচ্ছি।’

এদিকে সেলিম খান বলেন, ‘প্রযোজকরা বাঁচলেই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হবে। আমরা প্রযোজকদের বাঁচানোর জন্যই প্যানেল গঠন করলাম। আমার সঙ্গে ডিপজল ভাই আছেন। আশা করি, আমরা উন্নয়নের জন্য কাজ করে যেতে পারব।’

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *