কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলছে।
বুধবার কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২০ মার্চ পেটে ব্যাথা নিয়ে গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি হন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইতোমধ্যে তার বড়ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু হাসপাতালে বঙ্গবীরকে দেখে এসেছেন।
গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে কাদের সিদ্দিকীর আলট্রাসনোগ্রাম পরীক্ষায় গলব্লাডারে পাথরের অস্তিত্ব ধরা পড়ে। কিন্তু তখন তার দেহে করোনা শনাক্ত হওয়ায় অপারেশন করা সম্ভব হয়নি।
