সিদ্ধান্ত বদল, দেশে ফিরছেন না সাকিব

পরিবারের কয়েকজন অসুস্থ। হাসপাতালে ভর্তি তারা। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন কি না, এমন কথা উঠেছিল। একবার ঠিক হয়েছিল আজ রাতেই তিনি দেশে ফেরার বিমানে উঠবেন। পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নেন, তিনি আপাতত দলের সঙ্গেই থেকে যাবেন।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশ দলের টিম লিডার, বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, সাকিবের পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে আছে। এ কারণে দেশে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে সে।

সুজনের কাছে জানতে চাওয়া হয়, দেশে যে ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, সাকিব দেশে ফিরছেন আজ রাতেই? সুজন বলেন, ‘জালাল ভাই ঠিকই বলেছেন। তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সেভাবেই তিনি মিডিয়ার কাছে বলেছেন। তবে পরে সাকিব জেনেছে, আপাতত হাসপাতালে ভর্তি তার পরিবারের সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকায় টিস হোটেলে বসে দেয়া এক ভিডিও বার্তায় টিম লিডার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এখানে তো আমাদের কারোরই হাত নেই। খুবই ইমার্জেন্সি ব্যাপার, পারিবারিক ব্যাপারটা তো সব সময়ই ইমপরট্যান্ট ইস্যু। ওর জন্যও ইমপরট্যান্ট। তবে, সে টোটালি খেলতে চায়। প্রথম থেকেই সে অনেক আগ্রহী এ বিষয়ে। খুব সিরিয়াস। প্রথম ম্যাচে তো ম্যান অব দ্য ম্যাচই হয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটে ভালো করেনি। বল হাতে ভালো খেলেছে। সে খেলতে চায় এবং চায় সিরিজটা জিততে।’

‘সে জানে যে তাকে ছাড়া কতটা কঠিন আমাদের জন্য এই কন্ডিশনে ডেভেলপ করা। তবে এখন যে বিষয়টা, সাকিব স্যাক্রিফাইস করছে এ সিরিজটার জন্য। এটা খুব ভালো খবর আমাদের জন্য। আশা করি যে বাসায় ওর সব কিছু ঠিকঠাক থাকবে। ইনশাআল্লাহ সাকিব তৃতীয় ওয়ানডেটা খেলবে এবং আশা করি আমরা সিরিজ জিততে পারবো। এরপর হয়তো সে একটা সিদ্ধান্ত নেবে কখন যাবে না যাবে।’

বাংলাদেশ আগামী বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলবে। এরপর ৩১ মার্চ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। সাকিব ওই ওয়ানডে ও টেস্ট দুই সিরিজ খেলার জন্যই প্রোটিয়া সফরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *