দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকার পদক্ষেপও নিয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে। ইতিমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুদ করার চেষ্টা করেছিল, এরকম বেশকিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাস ভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ভোজ্য তেল সহ অনেক পণ্য সামগ্রী আটকও করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। আমাদের বিশ্বাস বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে এটা থাকবে না, খুব দ্রুতই এটা নিরসন হয়ে যাবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে সীমাহীন ব্যর্থ ও দুর্নীতিপরায়ণ ছিল- এ কারণে আজ তারা জনবিছিন্ন হয়ে গেছে। বিরোধীদলে থাকা অবস্থায়ও তারা সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। জন বিছিন্নতার কারণে তাদের কোনও ইস্যু নিয়ে আন্দোলনে সফলতা লাভ করছে না।’

তিনি আরও বলেন, ‘এখন বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশা ভর করছে। এই হতাশা থেকে তারা অসংলগ্ন কথাবার্তা বলছে। এসব নিয়ে জনগণ খুব একটা তাদের কথাবার্তার গুরুত্ব ও আমলে নিচ্ছে না।’

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *