হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেলে আজ (১৭ মার্চ) দেখানো হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র।
শামীম আহমেদ রনি ও সেলিম খান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় জানানো হয়, সরকারি এবং বেসরকারি সকল টিভি চ্যানেলে ১৭ মার্চ বাধ্যতামূলকভাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিনামূল্যে প্রদর্শন করতে হবে।
অন্যদিকে, বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে তারাও জানায়, নির্দেশনা অনুযায়ী তারা তাদের সুবিধাজনক সময়ে ছবিটি প্রদর্শন করবে।
এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন পিংকি আক্তার। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও তার স্ত্রী হিসেবে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।
গত বছরের এপ্রিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর জুলাইতে দেশের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিনেমা প্রদর্শনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত বছরের ৮ আগস্ট ভারতের নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।
এই সিনেমায় শান্ত খান ও দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, সুব্রত প্রমুখ। এফডিসি, চাঁদপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছিল সিনেমাটির চিত্রায়ন। সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধুর জীবন অবলম্বনে এফডিসি থেকে নির্মিত প্রথম সিনেমা এটি।





