Home বিনোদন দর্শকের কাছে ছুটে গেলেন রাজ-পরীমণি

দর্শকের কাছে ছুটে গেলেন রাজ-পরীমণি

0
127

১১ মার্চ মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত ছবি ‘গুণিন’। সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির মাধ্যমে ফের হলমুখী হচ্ছে দর্শকরা। আর সেটি বেরিয়ে আসছে টিম সদস্যদের জরিপে। মুক্তির দিন থেকে ঢাকার বিভিন্ন হলে হাজির হচ্ছেন এর নির্মাতা-অভিনয়শিল্পীরা।

সেই ধারাবাহিকতায় শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী সিনেমা হল ও ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরীমণি-রাজ দম্পতি। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ। তারা দেখেন দুটো শো’তেই ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়।

গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত দর্শকদের বলেন, ‘ছবিটি দেশের ২০টি সিনেমা হলে চলছে। আপনারা এভাবেই দলে দলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন।’

‘গুণিন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘আমার খুব কাছের একটা কাজ এটা। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনিও দুর্দান্ত কাজ করেছেন সেই লুকটা আনার জন্য। আপনারা সিনেমাটি দেখলেই সেটা বুঝতে পারবেন।’

শরিফুল রাজ ও পরীমণি এক সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ‘গুণিন’ সিনেমার মধ্যে দিয়ে। সিনেমার জুটি এখন যে বাস্তবে সংসার পেতেছেন তা কারও অজানা নয়। শনিবার সন্ধ্যায় হলগুলোতে তারাও আলো ছড়িয়েছেন।

পরীমণি বলেন, ‘পরপর দুই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পেলো। মনে হচ্ছে চারিদিকে শুধু আমি। সারা শহর আমার পোস্টারে ছেয়ে গেছে। যারা গুণিন দেখে ফেলেছে তারা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি বলবো এটার পুরো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে বসে গুণিন দেখবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here