ইচ্ছে করলেই সব পণ্যের দাম কমানো সম্ভব নয়: তাজুল ইসলাম

কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ইচ্ছে করলেই তো হঠাৎ করে সব পণ্যের দাম কমানো সম্ভব নয়। তারপরেও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালে রাখার চেষ্টা করছে সরকার।’

আজ শুক্রবার (১১ মার্চ) কুমিল্লায় বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) এক্স-ক্যাডেট ক্যাম্প ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তবে দ্রব্যমূল্য কমাতে সরকার আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে তেল, ডাল, চালসহ আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অর্পিত কর প্রত্যাহার করা হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে সব পণ্যের দাম বেড়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার ফলে বাংলাদেশে কিছুটা দাম বেড়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে। তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিওয়াইসিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৪২ জেলা থেকে ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *