থানার ভেতর হিরো আলমের হাতাহাতি, মুচলেকায় মিলল মুক্তি

ধারের টাকা ফেরত দেওয়ার বিষয়ে থানায় ডাকা হয়েছিল বগুড়ার আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। সেখানে পাওনাদারের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ ঘটে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

জানা গেছে, হিরো আলমকে আকাশ নামে এক ব্যক্তি ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও হিরো আলম সেই টাকা পরিশোধ করছিলেন না। পরে ভুক্তভোগী হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে আলমকে থানায় ডাকা হয়। সেখানেই ভুক্তভোগীর সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। পরে কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে দু’জনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হিরো আলম বলেন, আমার কাছে সে টাকা পেতো। এজন্য আমি তাকে সেই টাকার বিনিময়ে একটা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম। বহুদিন পরে সে ইউটিউব চ্যানেল ফেরত দিয়ে টাকা চায়। এখন আমি কেন টাকা দেবো? তার বোন এসে আমাকে হুমকি দিয়েছে।

ভুক্তভোগী আকাশ বলেন, আমি তার কাছে ৫০ হাজার টাকা পাই। সে ওই টাকা আজ দেবো কাল দিব বলে ঘুরাচ্ছিল। যার ফলে আমি থানার যাই। কাল রাতে সেটার মীমাংসা হয়েছে সে আমাকে টাকা দিয়ে দেবে।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক এনামুল হক বলেন, ‘তাদের দুজনের মধ্যে পাওনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। তারা থানায় এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পড়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *