খারাপ লাগছে, আমি কথাটা বুঝাতে ব্যর্থ হয়েছি: মেহজাবিন

বিশ্ব নারী দিবস উপলক্ষে আশফাক নিপুণের বানানো ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার প্রকাশের অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবিন বলেছিলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

মূলত টানা কাজ করতে গিয়ে অনেক সময় বিশ্রামেরও খুব একটা সময় পান না আমাদের দেশের শিল্পীরা। তাই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী।

সাংবাদিকের প্রশ্ন ছিলো এই যে একটি নাটকের কাজ শেষ করেই আরেকটিতে যান, এতে চরিত্রে কিভাবে প্রবেশ করেন? এই প্রশ্নের উত্তরেই মেহজাবিন বলেন ‘শুধু আমি নই, প্রত্যেক শিল্পীকে দুই-তিন দিনে একটি নাটকের কাজ করে পরের দিন আরেকটির শুটিংয়ে যেতে হয়। এত কম সময়ে একটি চরিত্র থেকে আরেকটি চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী, তারাই শুধু বুঝি।’

উত্তরে শুধু নিজের নয় সকল শিল্পীদের পরিশ্রমের বিষয়টি ফুটিয়ে তুলতেই ‘পরিশ্রমের দিক থেকে আমরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি’ কথাটি বলেছিলেন মেহজাবিন

এই কথাটির জন্য বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন এই অভিনেত্রী। গণমাধ্যমে কথাটি প্রকাশের পরই যেভাবে পারে এটা নিয়ে ট্রল শুরু করে দেয়। নেতিবাচক মন্তব্য করতে থাকে খোদ মিডিয়ার লোকজনেরাও। তাদের মতে মেহজাবিন বেশি বলে ফেলেছেন।

তবে সমালোচনার বিপরীতে কেউ কেউ মেহজাবিনের পক্ষেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। জানিয়েছেন, মেহজাবিন নিজেদের পরিশ্রমের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন। এটা নেতিবাচকভাবে উপস্থাপনা করে ট্রল যারা করছেন তারা না বুঝেই করছেন।

মন্তব্য নিয়ে ট্রল ও সমালোচনা হওয়ার পর কি ভাবছেন মেহজাবিন? জানার জন্য এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে বিনয়ের সঙ্গে উত্তর দিলেন তিনি। বললেন, ‘বিষয়টি নিয়ে আমার নিজেরই খারাপ লাগছে। আমি যা বুঝাতে চেয়েছি হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছি।’

মেহজাবিন বলেন, আমি কথার কথা হিসেবে হলিউডের প্রসঙ্গটি টেনে এনেছি। আমি তো আর বলিনি যে হলিউডের চাইতে আমরা বেটার পারি। এটাকে নিয়ে যারা নিজের মতো ভেবে ট্রল করছেন তাদের নিয়ে আমার কিছু বলার নেই।

তবে এই অভিনেত্রী মনে করেন, গত বছর বাংলাদেশের সিনেমা কান উৎসবে গিয়েছিল। যদি পরিশ্রম করা হয় ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাবে বাংলাদেশি সিনেমা, কনটেন্ট। শুধু তা–ই নয়, গত বছর বলিউড থেকেও বাংলাদেশের কিছু অভিনেত্রী কাজের প্রস্তাব পেয়েছিলেন। এরই মধ্যে একজন কাজ করেও ফেলেছেন। আমরা কি এগিয়ে যাচ্ছি না?

একটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, ‘আজ থেকে বেশ কিছু বছর আগেও দেখা যেত বিদেশি বিজ্ঞাপন ডাবিং করে বাংলাদেশে প্রচার করা হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে এসে দেশি বিজ্ঞাপন অনেক এগিয়েছে। এখন অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন আমাদের দেশের নির্মাতা, শিল্পীরা। বিজ্ঞাপনে যদি পারি, তাহলে আমরা সিনেমায় পারব না কেন?’

মেহজাবীন আরও বলেন, ‘বর্তমানে যাঁরা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাঁরা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। আমি আশাবাদী, আমাদের আগামী প্রজন্ম তাঁদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *