Home ফিচার তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট প্রত্যাহার

তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট প্রত্যাহার

0
254

ঢাকা: দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভোজ্যতেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর ভ্যাট ছিল সেগুলো তুলে নিয়েছি। সরকার থেকে যে সহযোগিতা প্রয়োজন সেটা পূর্ণ মাত্রায় করা হচ্ছে। পাশাপাশি টিসিবি আমাদের সব সময় লাগে না বা প্রয়োজন সারা বছর থাকে না। মাঝে-মধ্যে প্রয়োজন দেখা দেয়। প্রয়োজন দেখা দিলে সরকারকে ফ্লেক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ যখন যেটা প্রয়োজন দেখা দেয় তখন সেটা আনার ব্যবস্থা করতে পারে। তাই বলতে পারি সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার করছি। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি।

কোন কোন পণ্যের ভ্যাট তুলে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্যাট তুলে নেওয়া হয়েছে। মূলত আমাদের রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন সেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। কারণ সবাই এগুলো ভোগ করে। ভোজ্যতেল সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে।

মুস্তফা কামাল বলেন, ‘রমজানে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। ভোক্তারা এসব পণ্য বেশি কেনেন। ফলে দাম থাকে ঊর্ধ্বমুখী। ভোক্তা যাতে সাশ্রয়ী দামে এসব পণ্য কিনতে পারেন, সে জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নিয়ে আসা হবে।

যারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়, তাদের প্রতিরোধে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘টিসিবির সক্ষমতা বাড়ানো হবে। দেশের সব ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে টিসিবির কার্যক্রম।’

এর আগে ভোজ্যতেলের বাজার সামলাতে ভ্যাট তুলে নেওয়ার ইঙ্গিত দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here