যশ-নুসরাতকে নিয়ে সুখবর দিলেন নির্মাতা

তাদের নিয়ে চর্চার অন্ত নেই। গোপনে প্রেম, একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ, এরপর ধীরে ধীরে সম্পর্কটিকে প্রকাশ্যে আনা; প্রতিটি ইস্যুতেই আলোচিত এবং সমালোচিত তারা। নাম তাদের যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। টালিউডের জনপ্রিয় দু’জন তারকা।

যশরাত বিয়ে করেছেন কিনা, তা এখনো ধোঁয়াশায় রয়েছে। তবে অনেকদিন ধরে তারা সংসার করছেন, সন্তানের বাবা-মাও হয়েছেন। এবার বড় পর্দায় একসঙ্গে আসছেন ঈশানের মা-বাবা। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে এটাই একটা বড় কারণ হতে পারে।

সিনেমার কাজও শেষ; সেটি পরিচালনা করেছেন শীলাদিত্য় মৌলিক। সিনেমার নাম মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে শুটিং শেষ হওয়ার খবর দিয়েছেন তিনি।

সব রকম সহযোগিতা করার জন্য যশ-নুসরাতকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক ও সিনেমার সব সদস্যকেও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির প্রেক্ষাপট ছাত্ররাজনীতি। এক মাস্টারমশাই তার এক ছাত্রকে খু ন হতে দেখেন। খু নিও তার ছাত্র এবং সঙ্গে মেয়ের প্রেমিকও। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প। গল্প লিখেছেন মোমো।

যশ-নুসরাত ছাড়াও অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডল।

পর্দায় এর আগেও ‘যশরাত’কে দেখেছেন দর্শকরা। তবে সেগুলো বেশির ভাগই অন্যধারার। এবারের সিনেমাটি একটু সিরিয়াস। পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ছাড়াও আরও চিত্রনাট্য শুনিয়েছিলাম ওদের। তবে ওরা এটাই বেছে নিয়েছে।’

ঈশানের দুই মাস বয়সের সময় সিনেমার শুটিংয়ের জন্য কাশ্মীর গিয়েছিলেন নুসরাত-যশ। শিলাদিত্যর কথায়, ‘ক্যামেরায় যশ-নুসরাতের রসায়ন দারুণ। তাই ছাত্র-ছাত্রী হিসেবে ভালোই মানাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *