সাকিবকে ক্রিকেট থেকে ছুটি দিলো বিসিবি

সাকিব আল হাসানের সেই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছিল আলোচনা-সমালোচনার ঝড়। এ নিয়ে বোর্ড সভাপতি, টিম ডিরেক্টরও প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বেশ।

এবার জানা গেল, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। শুধু এই সফরে নয়, আপাতত সব ধরনের ক্রিকেট থেকেই তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বুধবার সংবাদ সম্মেলনে জানান, শারীরিক ও মানসিক অবস্থার ভালো নয় বলে আপাতত ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই সাকিব। তাই তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছে বোর্ড।

তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে ঘোষিত দুই ফরম্যাটের দলে নাম ছিল তার। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি।

তবে গত ৬ মার্চ তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তা-ই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তাঁর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *