‘জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাই তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম। তাকে নিয়ে করা মিটিংও বাতিল করলাম’- গতকাল সোমবার (৭ মার্চ) রাতে এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এদিকে সাংবাদিকদের কাছে অভিযোগটি অস্বীকার করেছেন জায়েদ। তিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি বলে জানান।
জায়েদ খান এক ভিডিও বার্তায় বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই ভুল বুঝছেন। আমি কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেইনি। নিয়ম অনুযায়ী রায় পাওয়ার পর যে কেউ তার আইনজীবীর কাছ থেকে ল’ইয়ার সার্টিফিকেট নিতে পারেন। আদালতের রায় হয়ে গেছে সবাই জানেন। আমি ল’ইয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি। এটা বৈধ। আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নেই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটার প্রমাণ দেখিয়ে আপিল করেছেন তিনি। হাইকোর্টে আমি মামলাটা জিতেছি। এটা প্রমাণও করেছি। কাঞ্চন ভাই সেই কাগজ পড়েই আমাকে শপথ পাঠ করিয়েছেন। এখানে প্রতারণা বা ছলনার কথা আসছে কোথা থেকে বুঝতে পারছি না।’
এই চিত্রনায়ক আরো বলেন, ‘আপিলের কপি তো অনলাইনে পাবলিস্ট হয়েছে। সেই কাগজটাই আমি দিয়েছি। কিন্তু এটা নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করবেন ইলিয়াস কাঞ্চন ভাই আসলে আমি ভাবতেই পারিনি। তার সব অভিযোগই অস্বীকার করছি। কারণ কোথাও একটা ভুল হচ্ছে। তিনি অনেক সম্মানিত মানুষ।’
