৪ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ!

ভোল মাছ

বঙ্গোপসাগরের দুবলায় জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ভোল মাছ। রবিবার (৬ মার্চ) ২৫ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। পরে খুলনার মাছ ব্যবসায়ী সম্রাট নিলামে সর্বোচ্চ দর চার লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।

এর আগে গত বুধবার (২ মার্চ) ৩২ কেজি ওজনের আরেকটি ভোল মাছ ধরা পড়ে। সেটিও নিলামে সর্বোচ্চ দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, চলতি শুটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে সামুদ্রিক এই ভোল মাছ ধরা পড়ছে। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়ে এবং তা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। এ মাছ অনেক মূল্যবান ও সুস্বাদু বলেও জানান তিনি।

দুবলা ফিশার ম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহম্মেদ বলেন, চলতি শুটকি মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জেলেরা মাছ কম পেয়েছে। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রায় ১৫ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। তবে শেষ সময়ে জেলেদের জালে বেশ কয়েকটি দামী মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

মাছ পাওয়া জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভাল হলেও প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। একবারে ৪ লক্ষ ৮০ হাজার টাকা নগদ বিক্রি করেছি। মহাজনও অনেক খুশি হবেন, এটা জেনে।

মাছ ক্রেতা সম্রাট বলেন, এই মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। যে কারণে এই মাছের দাম অনেক বেশি। এছাড়া এই মাছের পেটের মধ্যে যে বালিশ (প্যাটা) থাকে সেটি অনেক চড়া দামে আমরা চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। এই মাছে ভাল লাভ হবে বলে আশা করেন তিনি।

ভোল মাছের আরেক ক্রেতা ফারুক বলেন, ভোল, ভেটকি, পাঙ্গাসসহ বিভিন্ন বড় মাছ চড়া দামে ক্রয় করি আমরা। এই মাছের বালিশ (প্যাটা), ফুলকা ও পাখনার বেশ চাহিদা রয়েছে। আমরা চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে এগুলো বিক্রি করি। শুনেছি তারা বিদেশে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *