বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে: রোশান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বাইরে অন্য নায়কদের সঙ্গে কাজ শুরু করে একের পর এক সিনেমায় দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীকে।

বুবলী প্রথমে অভিনয় করেন নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে। এরপর তাঁকে দেখা গেছে জিয়াউল রোশানের সঙ্গেও। এরই মধ্যে বুবলী ও রোশান জুটির ‘চোখ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। কাজ করছেন দুটি চলচ্চিত্রের।

গতকাল রোববার গুলশানের একটি রেস্তোরাঁয় তাঁরা দুজন চুক্তিবদ্ধ হয়েছেন নতুন আরেকটি চলচ্চিত্রে। ‘প্রেম পুরান’ নামের এই চলচ্চিত্রের পরিচালক হাসান শিকদার।

নতুন চলচ্চিত্র নিয়ে রোশান ভীষণ উচ্ছ্বসিত। গল্পটি তাঁর বেশ মনে ধরেছে বলেও জানালেন। রোশান বলেন, ‘কয়েক বছরের ক্যারিয়ারে আমি যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছি, তার মধ্যে এই প্রথম কোনো গল্প আমাকে ভীষণ নাড়া দিয়েছে। গল্প পড়েই মনে হচ্ছে, অভিনয় জীবনে নতুন কিছু একটা যুক্ত হচ্ছে। শুধু এইটুকুই বলব, যেকোনো অভিনয়শিল্পীর জন্য এমন গল্পে কাজ করতে পারাটা আনন্দের।’

বুবলীর সঙ্গে আবারও নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রোশান বলেন, ‘পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক। বুবলীর সময়জ্ঞান ও সিরিয়াসনেস আমার ভীষণ ভালো লেগেছে। একজন সহশিল্পী যখন যেকোনো কাজের ক্ষেত্রে আন্তরিক থাকেন, তখন কাজ করেও বেশ ভালো লাগে।’

সহশিল্পী রোশান প্রসঙ্গে বুবলী বলেন, ‘খুব ভালো কাজ করেন রোশান। অত্যন্ত সম্ভাবনাময় একজন অভিনয়শিল্পী। কারণ, ওর মধ্যে কাজ করার আগ্রহটা প্রবল। সব মিলিয়ে এই ছবিটি নিয়ে আমি বেশ ইতিবাচক।’

এদিকে সম্প্রতি ‘লোকাল’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া।

বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমায় তাকে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে। যে কিনা নানা বাধা পেরিয়ে এক সময় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

সিনেমাটির নাম ‘লোকাল’ রাখা প্রসঙ্গে তিনি জানান, একটি মফস্বল এলাকার গল্প সিনেমাটিতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

বুবলী ছাড়া সিনেমাটিতে আর কেউ এখনো চুক্তিবদ্ধ হয়নি বলেও জানান সাইফ চন্দন। এই নায়িকার বিপরীতে নায়ক চূড়ান্ত হলেই ‘লোকাল’র শুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *