জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুণ আক্তার বলেছেন, চেয়ারের জন্য নয়, তিনি সত্যের জন্য লড়ছেন।
আগামী চার সপ্তাহের জন্য জায়েদ খানের পক্ষে দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।
আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। নিপুণ আক্তারের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
পরে নিপুণ গণমাধ্যমকে বলেন, ভোট নিয়ে আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। চেয়ারের দরকার নেই, আমার দরকার এফডিসি ও শিল্পী সমিতিকে দুর্নীতি মুক্ত করা। অপশিল্পীর বিরুদ্ধে আমার এই আন্দোলন।
তিনি বলেন, আমি একটা সত্যের জন্য, আমি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আর এই প্রতিবাদটা আমি করেই যাব। আমার মনে হয় যে, আমার পাশে পুরো বাংলাদেশ আছে। সব শিল্পীরাও আছে।
