সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে আকাশে উড়তে পারেনি বিজি-২০১ এর ফ্লাইট।
রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।
বিমানবন্দরসূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় ওসমানী বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০১ ফ্লাইটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগে এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। এ কারণে ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে আছে এটি।
ওই ফ্লাইটের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকা পড়ে আছি। কখন ফ্লাইটটি ছাড়বে এ ব্যাপারেও কেউ কিছু জানতে পারছে না। বাচ্চাকাচ্চা নিয়ে চরম দুর্ভোগে পড়েছি। বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।’
এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ বলেন, ‘পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে।’
তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘বিমানটি অবতরনের আগে কোথাও পাখির ধাক্কা লাগতে পারে।’
তিনি আরও জানান, সিলেট-লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়ন করতে না পারায় হিথ্রো-সিলেটের ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
