বর্ষাকে খুব আদরে রাখতে চান অনন্ত

ভালোবাসার প্রতিশ্রুতি একে অপরকে আগেই দিয়ে রেখেছিলেন অনন্ত-বর্ষা। দুজনে সেই প্রতিশ্রুতি আবারও একটু ঝালিয়ে নিলেন গানে গানে।

এ জুটির নতুন একটি গান ‘তোকে রাখবো খুব আদরে’ প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার রাতে। গানটি দিন- দ্য ডে সিনেমার। গানটিতে রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন অনন্ত-বর্ষা।

গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও আনিশা। গানটির দৃশ্যধারণ হয়েছে তুরস্ক ও ইরানের বিভিন্ন জায়গায়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে গানটির প্রকাশনা অনুষ্ঠান হয়। সেখানে অনন্ত দিন- দ্য ডে সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দিতে চাইছেন বলে জানান।

তিনি বলেন, আগে একটা সময় কয়েকশ’ হলে ছবি মুক্তি হতো বা দিতাম আমরা। কিন্তু এখন হল আছে ৪০-৫০টা। জানি না প্রযোজক সমিতি কী করবে! আমি একবার প্রযোজক সমিতিতে যাবো, তাদের সঙ্গে আলোচনা করবো। যেন আমার ছবিটা ভালোভাবে মুক্তি দিতে পারি। এই কয়টা হলে আসলে দুই তিনটা ছবি ভাগাভাগি করার সুযোগটা নেই বললেই চলে।

এই সংবাদ সম্মেলনে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুও উপস্থিত ছিলেন। তিনি অনন্তর কথায় একমত পোষণ করে বলেন, আমার মনে হয় না ‘দিন- দ্য ডে’র মতো বিগ বাজেটের একটি ছবির সঙ্গে অন্য কেউ চলচ্চিত্র মুক্তি দেবে। তবে ঈদে চলচ্চিত্র মুক্তি দেয়ার বিষয়টি ওপেন। যে কেউ দিতে পারেন। কিন্তু এমন বড় পরিসরের ছবির সঙ্গে মুক্তি দেয়াটা কতটা লাভের হবে তা ভেবে দেখতে হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন- দ্য ডে’। এই সিনেমায় বরাবরের মতো অনন্তর নায়িকা বর্ষা। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।

যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এ ছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। আর সে কারণে বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে দেয়া হবে মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *