ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র মাধ্যমে পরিচয় হয় পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের। ভারতের সংগীতবিষয়ক এই প্রতিযোগিতার ১২তম আসরের সেরার মুকুট পরেন পবনদীপ এবং রানারআপ হন অরুনিতা।
মঞ্চের বাইরে তারা দু’জন বেশ ভালো বন্ধু বলে দাবি করেছেন বারবার। কিন্তু গুঞ্জন রয়েছে, প্রেমের সম্পর্কে রয়েছেন তারা, খুব শিগগিরই বসবেন বিয়ের পিঁড়িতে।
পবনদীপ ও অরুনিতা নানা জায়গায় একসঙ্গে শো করে বেড়াচ্ছেন। সম্প্রতি তাদের ফ্যানপেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যা দেখে তারা দু’জন ‘দ্বিধাহীন প্রেম’ করছেন বলে মন্তব্য করেছেন অনেকে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় একে অপরের হাত ধরে হেঁটেছেন পবনদীপ-অরুণিতা। সঙ্গে বাজছে পবনদীপের গান ‘ইয়াদ’। এতেই ভক্তরা ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।
একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘সাত জন্ম এভাবে থাকো, ভালো থাকো, একসঙ্গে থাকো’। আরেকজন লিখেছেন, ‘ভিডিও পোস্ট করার আগে প্রশ্ন অরুণিতা আর পবনদীপকে: দেব এই ভিডিওটা? তাদের উত্তর, ‘হ্যাঁ একদম, প্রেম হয়ে গেলে আর ভয় পেয়ে লাভ কী!’
তবে জানা যায়, সেই ভিডিওটি অনেক আগের, ২০২০ সালের। ‘ইন্ডিয়ান আইডল’ শেষ হওয়ার পর নানা দেশে শো করেছেন তারা। গিয়েছিলেন লন্ডনেও।
উল্লেখ্য, ইন্ডিয়ান আইডলে আসার আগে থেকেই পবনদীপ নিজের অবস্থান তৈরি করেছিলেন গানের মাধ্যমে। আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও নিয়মিত গান প্রকাশ করতেন। আইডল হওয়ার পর তার খ্যাতি বিস্তৃত হয়েছে।
