ঢাকা: চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, এইচএসসি ২২ আগষ্স্ট।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকারের মঙ্গলবার সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।
অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে আগামী ১৪ জুলাই।
তপন কুমার সরকার বলেন, ‘আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এসএসসি ও এইচএসসির সম্ভাব্য তারিখ, বিষয়, মানবন্টন চূড়ান্ত করা হয়েছে। যা আজ প্রকাশ করা হলো।’
