ঢাকায় ওমর সানী, চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও চিত্রনায়িকা মৌসুমী। মায়ের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে শিল্পী সমিতির সভাপতি বরাবর ছুটি চেয়ে দরখাস্ত দিয়ে গেছেন এই নায়িকা।

মৌসুমীর বরাত দিয়ে তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ির শরীরটা ভালো যাচ্ছে না। মায়ের পাশে থেকে সময় দেওয়ার জন্যই মৌসুমী যুক্তরাষ্ট্রে গেছে। প্রথমে গিয়ে নিউইয়র্কে এক আত্মীয়ের বাসায় উঠবে। তিন–চার দিন থেকে আটলান্টায় তার মায়ের কাছে চলে যাবে।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২২৫ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মৌসুমী। আগামী ৪ মার্চ নতুন কমিটির প্রথম মিটিং হবে এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে। নতুন কমিটির প্রথম মিটিংয়েই উপস্থিত থাকতে পারছেন না মৌসুমী।

তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বৃহস্পতিবার বিকেলে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে একটি দরখাস্ত দিয়েছেন এই অভিনেত্রী।

এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর মায়ের শরীর খারাপ। মায়ের সঙ্গে দেখা করতে তাকে যেতে হয়েছে। আমি ও মৌসুমী দুজনই সাংগঠনিক মানুষ। সংগঠনের প্রতি শ্রদ্ধা রেখে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে সমিতির অফিসে দরখাস্ত দিয়েছি। এতটুকুই।’

আগামী ২১ মার্চ মৌসুমীর দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান ওমর সানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *