মানিকগঞ্জে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান ধরলেন নায়ক রিয়াজ

মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গা হরদিয়া গ্রামের পদ্মার পাড়ে চলছিল ‘রেডিও’ নামে একটি ছবির শুটিং। এই ছবির মাধ্যমে চিত্রনায়ক রিয়াজ দীর্ঘ দিন পর নতুন সিনেমায় কাজ করছেন।

অনন্য মামুনের ‘রেডিও’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই সিনেমায় তার সঙ্গে আছেন অভিনেত্রী লাক্স তারকা জাকিয়া বারী মম।

সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে চলছে রিয়াজ-মমর শুটিং। পদ্মা নদীর কিনারে যখন তারকাদ্বয় শট দিচ্ছেন, তখন আশেপাশে বহু মানুষ জমিয়েছেন ভিড়। জনপ্রিয় তারকা বলে কথা, এক নজর দেখার সাধটা মিটিয়ে নিচ্ছেন অনেকেই।

নির্মাতা অনন্য মামুন জানান, সিনেমার গল্পের প্রয়োজনেই এই লোকেশনে শুটিং করছেন। তাছাড়া এখানকার মানুষ অনেক সহযোগী মনোভাবের। তাই স্বাচ্ছন্দ্যেই চিত্রায়ন চালিয়ে যাচ্ছেন।

শুটিংয়ের এক দৃশ্যে দেখা যায়, কয়েকজন মানুষ নিয়ে নদীর পাড় ঘেঁষে মিছিল করছেন রিয়াজ। তার কাঁধে ব্যাগ ঝোলানো। তিনি স্লোগান দিচ্ছেন, ‘পাকিস্তানের পতাকা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’। তার সঙ্গে সুর মেলাচ্ছেন মম-সহ অন্যরা। এরপর সবাই মিলে একসঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানও দেন।

এই সিনেমার মাধ্যমে প্রায় ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করছেন রিয়াজ আহমেদ ও জাকিয়া বারী মম। ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

গতকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।

‘রেডিও’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন শিক্ষকের চরিত্রে। তিনি বলেন, ‘ভালো একটি বিষয় নিয়ে কাজ হচ্ছে। আশা করি, সঠিক চিত্রায়ণের মাধ্যমে সবাই মিলে একটা ভালো সিনেমা উপহার দিতে পারব।’

মম বলেন, ‘সিনেমার গল্প ভালো। আইডিয়াটাও দারুণ! কাজটি করতে চাই। অনেক দিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি, সব মিলিয়ে ভালো একটি সিনেমা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *