Home আন্তর্জাতিক পুতিনের প্রস্তাবে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

পুতিনের প্রস্তাবে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

0
205

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ও যুদ্ধবিরতির জন্য জেলেনস্কি আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি সের্গেই নিকিফোরোভ।

ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির শনিবারের বিবৃতির বরাত দিয়ে তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকের স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত দ্রুত স্বাভাবিক জীবন শুরু করা যাবে।

নিকিফোরভ বলেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।

রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। তিনি দাবি করেছিলেন, তাদের আলোচনা প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় পক্ষ বেলারুশিয়ান রাজধানীর বদলে পোল্যান্ডের ওয়ারশ শহরকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল, কিন্তু পরে আর যোগাযোগ হয়নি।

অবশ্য ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। এমনকি, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট পুতিনের কাছে ফোনও করেছিলেন, কিন্তু রুশ প্রেসিডেন্টই তাতে সাড়া দেননি।

শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ইউক্রেনীয় নেতারাই তাকে রাশিয়ার সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। কারণ, জেলেনস্কি কয়েকবার পুতিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here