ভক্তের কাছে ছুটে গেলেন তৌসিফ নিজেই, দিলেন উপহার

প্রিয় তারকাকে একঝলক কাছ থেকে দেখার জন্য নানা কাণ্ড ঘটিয়ে থাকেন ভক্তরা। ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে দেখা করার জন্য ইমরান নামে এক ভক্ত গত পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন।

কিন্তু অনেকজন অনেকভাবে আশ্বাস দিলেও দেখা করতে পারেননি তিনি। বরং প্রতারণার শিকার হয়েছেন; ছিনতাই হয়েছে তার মুঠোফোন!

বিষয়টি তৌসিফ সম্প্রতি তার ফ্যান ক্লাবের মাধ্যমে জানতে পারেন। তারপর নারায়নগঞ্জের ইমরানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা।

ইমরানের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন তৌসিফ। না জানিয়ে তার ফ্যান ক্লাবের কয়েকজনকে সঙ্গে নিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ছুটে যান নারায়ণগঞ্জের খিল মার্কেট এলাকায় ইমরানের বাসায়। এসময় হাতে তুলে দিলেন একটি উপহার। ছেলেটি দশম শ্রেণিতে পড়ে এবং পাশাপাশি বাবার স্টেশনারি দোকানে সময় দেয়।

তৌসিফ মাহবুব বলেন, ‘ইমনের বাসায় যাওয়ার পর সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এটা অন্যরকম এক অনুভূতি। আমার কোনো নাটক যদি প্রচুর হিট করে, মনে হয় তখনও আমি এতো আনন্দ পাইনি, তার সঙ্গে দেখা করে যতটা পেয়েছি। ’

তিনি আরো বলেন, ‘আমি ইমনের বিষয়টি শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম তার সঙ্গে দেখা করবো। গতকাল পরিচালক রিংকু ভাইয়ের নাটকের শুটিং ছিল, বিষয়টি শুনে তিনি নিজেও শুটিং রেখে আমাকে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এরপর আমি ইমনের সঙ্গে দেখা করতে চলে যাই। তার কাছে যাওয়ার আগে অনেকটা ভয় লাগছিল। কোনো ভক্ত আমাকে এতোটা ভালোবাসেন, সেটা চিন্তা করেই নার্ভাস হচ্ছিলাম বারবার। ’

ভক্তের সঙ্গে দেখা করার পুরো মুহূর্তটি ভিডিও করেছে তৌসিফ মাহবুব ফ্যান ক্লাবের সদস্যরা। সে ভিডিও প্রকাশ পেয়েছে তৌসিফের ফেসবুক পেজে। ভিডিওর কমেন্ট বক্সে ভক্তের প্রতি এমন ভালোবাসা দেখানোর জন্য অনেকে তৌসিফের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *