রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদেশী মদসহ সজল কুমার বৈদ্য (৪৭) নামের একজনকে আটক করেছে র্যাব-৭ এর একটি দল।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার জোরারগঞ্জের হাজীশ্বরাই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সজল হাজীশ্বরাই গ্রামের মৃত কুমোদ বৈদ্যের পুত্র।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, জোরারগঞ্জের হাজীশ্বরাই এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় র্যাব।
এ সময় সজল কুমার বৈদ্যকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাষ্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা। আটককৃত সজলকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
