হৃদয় শিকদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার রাজাবাড়ী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন ইউএনও নাজমুল হুসেইন। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি চৌকস দল সাবেক এই সেনা সদস্যের সম্মানে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের জানাজায় অংশগ্রহন করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক উপজেলা কমান্ডার মিজানুর রহমান মজনু, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদারসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ। এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বিকেল সাড়ে চারটায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭৫) শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে রাজাবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
