বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন না আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, কার্যনির্বাহী সদস্য হিসেবে শিল্পীদের কল্যাণে কাজ করবেন তিনি।
তার ভাষ্য, ‘আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলীরাজ ভাইসহ অনেকেই আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।’
এদিকে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে শপথ নেওয়ার পরই জানান, পরপর তিনটি সভায় যদি কোনো নির্বাচিত সদস্য বৈঠকে হাজির না হন তার সদস্যপদ বাতিল হবে।
এ বিষয়ে রোজিনা বলেন, ‘আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথড্র করব।’
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন চিত্রনায়িকা রোজিনা। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন এই অভিনেত্রী। গত ১০ ফেব্রুয়ারি সমিতি ই-মেইলের পদত্যাগপত্র পাঠান রোজিনা। কিন্তু তার পদত্যাগপত্র এখনো পর্যন্ত সমিতি গ্রহণ করেনি। ফলে তিনি এখনো সমিতির কার্যনির্বাহী সদস্য আছেন বলে জানান রোজিনা।
