শীত কমে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এই অবস্থায় রোববার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী আববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।
সোমবার নাগাদ দেশে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
