আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনী লড়াই। সে লড়াই শেষ হওয়ার আগেই ফের সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নিপুণ।
এ নিয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে চেয়ারে বসার ব্যাখ্যা দিয়ে গিয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ সম্পাদক, আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে।’
তিনি জানান, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। তাই আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক। আর সেই দায়িত্ব পালনে আইনি কোনও বাধা নেই।
নিপুণ বলেন, ‘ফুল বেঞ্চে যে শুনানি হয়েছে, তাতে দুটি রায় হয়েছে। একটিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। মানে আপিল বোর্ড অনুযায়ী আমি বৈধ সাধারণ সম্পাদক ও সেভাবেই শপথ নিয়েছি। এবং চেয়ারে বসেছি। পাশাপাশি স্থিতাবস্থা দিয়েছেন। মানে যে যেভাবে আছে সেভাবেই থাকবে। অর্থাৎ যেহেতু আমি শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম, আমি আমার কাজ চালিয়ে যাবো।’
অন্যদিকে, শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল আদালতের ফুল বেঞ্চ শুনানিতে আমাকে ও বোর্ডের সদস্য মোহাম্মাদ হোসেনকে ধন্যবাদ জানানো হয়। এবং আমাদের কাজের প্রশংসা করা হয়। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
এর আগেও একবার (১০ ফেব্রুয়ারি) অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন, অভিনেত্রী আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন।
যদিও নিপুণ দাবি করেছিলেন তিনি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলেন। আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
