বিয়ের পর হানিমুনের জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মিম ও তার স্বামী সনি পোদ্দার।
জানা যায়, মালদ্বীপের রাজধানী মালের অদূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠবেন তারা। সেখানেই পাঁচ দিন কাটাবেন মিম-সনি।
এ বিষয়ে আরও জানা যায়, হানিমুন স্মরণীয় করে রাখতে রিসোর্টে একদিন ক্যান্ডেল নাইট ডিনার করবেন মিম ও সনি। আগে থেকেই তারা বুকিং করে রেখেছেন এই আয়োজন।
হানিমুন প্রসঙ্গে মিম বলেছেন, ‘বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস ছিল গতকাল। আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। পরদিন হানিমুনে যাব, সেভাবেই করছি।’
হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন নায়িকা। মিমের ভাষ্য, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনও যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। সে কারণেই আমার একটা আগ্রহ আছে।’
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ছয় বছর ধরে লুকিয়ে প্রেম করেছিলেন মিম ও সনি পোদ্দার। গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।
