বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুণ বসবেন তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ সোমবার (১৪ ফেব্রুয়ার) শুনানির দিন ধার্য করেছেন।
এদিকে নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত রোজিনা পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে একই প্যানেলের সহসভাপতি পদ থেকে চিত্রনায়ক রুবেল পদত্যাগ করবেন বলেও খবর চাউর হয়েছে।
অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জনও চলচ্চিত্রাঙ্গনে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে ডিপজল জানান, তাদের প্যানেল থেকে কে পদত্যাগ করল, কে করল না-সেটা তার দেখার বিষয় নয়। তিনি কমিটিতে থাকবেন।
গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিপজল।
তিনি বলেন, “শিল্পী সমিতির সদস্যরা ভোট দিয়ে আমাকে পাশ করিয়েছে; আমি কেন পদত্যাগ করব। পদত্যাগ করার তো কোনো কারণ নাই।”
‘শিল্পীরা আমাকে ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব’ যোগ করেন এই অভিনেতা।
