রুবেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে যা বললেন রিয়াজ

চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে সেখানে চিত্রনায়ক রিয়াজকে বসাতে চান অ্যাকশন হিরো রুবেল। শনিবার গণমাধ্যমের কাছে তিনি এই ইচ্ছার কথা জানান।

রুবেল বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে দুই-এক দিনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। তিনি চান এই পদে রিয়াজ দায়িত্ব পালন করুক। কারণ, তিনি প্রধানমন্ত্রীর স্নেহভাজন। তিনি শিল্পী সমিতিতে থাকলে চলচ্চিত্রের জন্য সুখবর আসবে।

কিন্তু রুবেলের প্রস্তাবে কি রাজি রিয়াজ? তিনি কি বসবেন সমিতির সহসভাপতির চেয়ারে? রুবেলের বক্তব্য কানে যেতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন রিয়াজও।

তিনি বলেছেন, ‘রুবেল ভাই একজন গুণী মানুষ। আমার পরম শ্রদ্ধেয় মানুষ। শিল্পীরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি চাই, তিনিই সহসভাপতির দায়িত্বে থাকুক।’

রিয়াজ আরও বলেন, ‘রুবেল ভাইয়ের চাওয়াকে আমি সম্মান জানাই। তবে কারও ছেড়ে দেওয়া পদে বসতে আমি আগ্রহী নই। শিল্পীদের জন্য কাজ করতে পদের দরকার নেই। আমি আগেও শিল্পীদের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। রুবেল ভাই দীর্ঘদিন সমিতিতে দায়িত্ব পালন করেছেন। শিল্পীদের প্রতি তার দায়িত্ববোধ আছে। আমি অনুরোধ করব, তিনি যেন পদত্যাগ না করেন।’

রুবেল মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে সহ-সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। একই পদে পরাজিত প্রার্থী রিয়াজ। এবারের নির্বাচনে এই নায়ক তুমুল আলোচনায় আসেন ভোটবঞ্চিত শতাধিক শিল্পীর পক্ষে কথা বলে ও কান্না করে।

প্রসঙ্গত, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে এখন আইনি লড়াই চলছে। গত ৯ ফেব্রুয়ারি আদালত এ পদে স্থিতাবস্থা জারি করেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত জায়েদ ও নিপুণ কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবে না। আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর সিদ্ধান্ত আসবে, কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *