ঠাকুরগাঁও- নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা এবং তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, বিচার হওয়া উচিত; কারণ তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।”
কমিশনের বিরুদ্ধে মামলার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘এটা চিন্তা করে দেখব।’ একটু থেমে তিনি বলেন, ‘মামলা করে তো কোনো লাভ হয় না। কারণ, বিচার বিভাগও এখন স্বাধীনভাবে কাজ করতে পারে না।’
বর্তমান সার্চ কমিটি প্রসঙ্গে ফখরুল বলেন, এই কমিটি মানি না, তাদের কাছে নাম জমা দেওয়ার প্রশ্নই আসে না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। যাকে সার্চ কমিটিতে নেওয়া হয়েছে, তিনি আওয়ামী লীগের নমিনেশন চাওয়া মানুষ। আওয়ামী লীগ তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে। কী আশা করা যায় তাদের কাছে।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলকে নতুনভাবে সাজানো হচ্ছে।
‘দ্রুত অঙ্গসংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে। জাতীয় ঐক্য গঠনে কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছি।’
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ছাড়াও বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
