আমাকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে: নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে ওই পদের ওপর বর্তমানে ‘স্থিতাবস্থা’ জারি রয়েছে।

চিত্রনায়িকা নিপুণের আপিলের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

এর আগে চিত্রনায়ক জায়েদ খান শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সে সময় রিটের শুনানি শেষে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর নিপুণ সুপ্রিম কোর্টে আপিল করলে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি হয়।

স্থিতাবস্থা প্রসঙ্গে উল্লেখ রয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কেউ দায়িত্ব পালন করতে পারবেন না।’

তবে এমন প্রেক্ষাপটেই বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার।

আদালতের আদেশ অমান্য করেই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন নিপুণ, এমন গুঞ্জন ছড়িয়েছে। তিনি এই পদে নিজের নামে নেমপ্লেটও বানিয়েছেন বলে জানা গেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে নিপুণ সংবাদমাধ্যমকে বলেন, ‘এগুলো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আমার নেমপ্লেট যেদিন আমি শপথ নেই সেদিনই তৈরি করা হয়েছিল। আর আজ আমি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি৷ কমিটির কেউ হিসেবে নয়।’

‘এছাড়াও সমিতির একজন সদস্য হিসেবে আজ সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিন উদযাপন করেছি। সব না জেনে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে মনে করি আমি।’

নিপুণ আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১৩ ফেব্রুয়ারি আদালত যে রায় দেবে তার দিকেই তাকিয়ে আছি৷ আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন নিপুণ। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচনের আপিল বোর্ড তার প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

আপিল বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন জায়েদ খান। সেই রিটের পর নিপুণও দ্বারস্থ হয়েছেন আদালতের। এর প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *