মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং এলাকার তার বাসা থেকে তাকে আটক করা হয়। মালয়েশিয়ায় তিনি এক দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করছেন।
আটকের পর খায়রুজ্জামানের আইনজীবী এ এস ডালিওয়াল অবিলম্বে তার মুক্তি দাবি করে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন।
নোটিশে আইনজীবী এ এস ডালিওয়াল নোটিশে উল্লেখ করেন, মোহাম্মদ খায়রুজ্জামান (UNHCR নং 354-10C02267) নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কোনো বৈধ কারণ ছাড়াই আটক করেছে।
বাহাসা মালয়েশিয়ায় লেখা নোটিশে আরও বলা হয়েছে, ইউএনএইচসিআর কার্ডধারী হিসেবে খায়রুজ্জামানের মালয়েশিয়ায় থাকার অধিকার রয়েছে। এসময় তিনি জানান, খায়রুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দেওয়া হলে রিট করবেন বলে জানিয়েছেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হ ত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ফিরে আসার পর ঝুঁকি নিয়ে খায়রুজ্জামান কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী কার্ড পান এবং সেখানেই থেকে যান।
