কমবে শীত, দেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী দুদিনে দেশে বৃষ্টিপাতের আভাস রয়েছে। ফলে সেসময় শীতের তীব্রতা কমে আসবে। তবে বৃষ্টিপাত কেটে গেলে ফের তাপমাত্রা কমবে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এছাড়া দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাগুলো ও সীতাকুন্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হবে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নাগাদ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা ফের কমবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *