বাতাসেই ভেঙে পড়ল সরকারি ভবনের কাঁচ, তদন্তে কমিটি

মাদারীপুর- মাদারীপুরে ৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক দশতলা সরকারি সমন্বিত অফিস ভবন চালু হওয়ার দুই মাস না পেরোতেই মৃদ্যু বাতাসেই একটি ইউনিটের জানালার গ্লাস ভেঙে পড়েছে। এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক রহিমা খাতুন। তিনি জানান, কারও কাজে গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে দমকা হাওয়ায় ভবনটির তিনটি রুমের জানালার কাঁচ ভেড়ে পড়ে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাদারীপুরের উপ-পরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য তিন সদস্য হলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ আবুল কালাম। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদারীপুরে সরকারি সমন্বিত অফিসের (১০ তলা ভবনের) ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের ৬০৭ থেকে ৬০৯ নম্বর রুমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অফিসের তিনটি রুমের জানালা দমকা হাওয়ায় ভেঙে পড়ে। এ সময় ওই কক্ষগুলোতে থাকা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বেশকিছু ইলেকট্রনিক্স মালামালের ক্ষতি হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ভবনটির নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। গত ৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জেলাভিত্তিক প্রথম সরকারি সমন্বিত অফিসটির উদ্বোধন করেন। কিছু কাজ অসমাপ্ত থাকায় নভেম্বরে এর নির্মাণকাজ শেষ দেখায় গণপূর্ত বিভাগ। দুই মাস পার হতে না হতেই তিনটি রুমের জানালায় লাগানো থাই গ্লাস ভেঙে পড়ার এই ঘটনা ঘটলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনে থাকা একটি দপ্তরের এক কর্মকর্তা বলেন, সামান্য বাতাসেই জানালার গ্লাস ভেঙে গেছে। ভবিষ্যতে আরও বেশি ঝড় হলে আমাদের জন্য কি হবে সেটাই এখন চিন্তার বিষয়। এ ছাড়া জানালার গ্রিলগুলোও অনেক হালকা। মান ভালো হওয়া উচিৎ ছিল।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাদারীপুর জেলা সহকারী পরিচালক মুয়িত উদ্দিন মোল্লা বলেন, ‘ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের তিনটি রুমের জানালাগুলোর গ্লাস দমকা হাওয়ায় ভেঙে পড়েছে। এ ঘটনায় কক্ষগুলোতে থাকা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাদারীপুর জেলা শাখার কার্যালয়ের কম্পিউটার, ফটোকপির মেশিনসহ বেশ কিছু ইলেকট্রনিক্স মালামালের ক্ষতি হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘সরকারি সমন্বিত ১০তলা ভবনের কয়েকটি রুমের জানালার গ্লাস ঝড়ের কারণে ভেঙে গেছে। এটা সরেজমিন দেখেছি এবং এ ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন ঘটনা যেন সামনে না ঘটে সেটার ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব। তদন্ত কমিটির প্রতিবেদনের পরে আইনি সিদ্ধান্ত নিব।’

উল্লেখ্য, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ১ একর জমির উপরে ৬৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই অত্যাধুনিক সরকারি সমন্বিত অফিস ভবনটি। এই ভবনে ৪০টি সরকারি অফিসের কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *