তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গত ২৬ ডিসেম্বর বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালুড় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
জানা গেছে, এই একটি কেন্দ্রের ফলাফলেই নির্ধারিত হবে অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভাগ্য। ফলে তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন হয়েছে। অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৩ হাজার ৩২ জন ভোটার সাতটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে একটি কেন্দ্রে নির্বাচন হওয়ায় পুরো উপজেলাবাসীর নজর এখন আকালুর দিকে।
এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।
নির্বাচনের বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল ওহাব জানান, নির্বাচন সুষ্ঠু ও এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। সেজন্য কেন্দ্রে ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ডিবির স্ট্যান্ডবাই টিম, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে। বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।
