শপথে যাচ্ছেন না জায়েদ প্যানেলের আলীরাজ ও রোজিনা!

নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথের আয়োজন করা হয়েছে; তবে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, আলীরাজ যাচ্ছেন না শপথ অনুষ্ঠানে। খবর- বিডি নিউজের।

আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিলের পর নিপুণ আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয় শনিবার। রোববার বিকালে এফডিসিতে শিল্পী সমিতির নতুন কমিটির শপথ নেওয়ার কথা রয়েছে।

রোজিনা দুপুরে বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার জন্য’ তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না; বিষয়টি সভাপতি ইলিয়াস কাঞ্চনকে রাতেই জানিয়ে দিয়েছেন।

আলীরাজও বলেছেন, তিনি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, শপথের আয়োজনে যাচ্ছেন না।

শপথ না নেওয়ার প্রসঙ্গে ধরে রোজিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কমিটিতে থাকবেন কি না। এর সরাসরি কোনো উত্তর দেননি রোজিনা।

তিনি বলেন, “আমি কমিটিতে থাকি কিংবা না থাকি-এটা কোনো ব্যাপার না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের বিষয়ে আমি কাজ করব। কমিটির বাইরে থাকলেও চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। যদি কখনও কেউ ডাকে, যদি আমি ফ্রি থাকি কাজ করব।”

কমিটিতে থাকা কিংবা না থাকা নিয়ে আলীরাজ বলেন, “শিল্পী সমিতির যখন সমঝোতার মাধ্যমে সবকিছু সুন্দরভাবে হবে, সুন্দরের মধ্যে আমি অবশ্যই থাকব।”

কার্যকরী পরিষদ থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে একজন নাম না প্রকাশের শর্তে বলেন, শুধু রোজিনা কিংবা আলীরাজই নয়, মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অনেকেই শপথে ‘যাবেন না’।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে ১৩ ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুন। এছাড়া এদিন চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য; যথাক্রমে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *