রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের হাদিফ কিরহাট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ তৌহিদুল ইসলাম সাকিব (২৬) নামে এক যুবককে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঐ যুবককে আটক করা হয়। আটককৃত তৌহিদুল ইসলাম সাকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার গুন্নু শাহ গ্রামের আবুল বশরের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাইয়ের হাদিফকিরহাট এলাকার গাছবাড়িয়া ফকির বাড়ির সামনে মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে হাঁটতে শুরু করলে সন্দেহজনক যুবককে আটক করে তল্লাশি করলে এক হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
