ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে রায়হান হত্যাকাণ্ডের মূল আসামি সনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। কোন অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে যাওয়ার আগে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রাবিরতিকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোন জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।
তবে পুলিশ অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখী করা হয়েছে। কোন নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।
এসময় টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
