লাইভে এসে কাঁদলেন হিরো আলম, ছাড়লেন সিনেমা

বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া আরও পাঁচটি সিনেমার কাজ চলমান রয়েছে।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে সিনেমা নির্মাণ বন্ধ এবং এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না।’

কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম জানান, ‘এই চলচ্চিত্রের জন্য আমি কী না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীর কাজ করতে দেয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *