চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান খানের কাছে ১৩ ভোটে হেরে অসন্তোষ প্রকাশ করেন চিত্রনায়িকা নিপুণ। পুনরায় ভোট গণনা চেয়ে এদিন আপিলও করেন এই চিত্রনায়িকা।
শেষ পর্যন্ত আপিল বোর্ড সব প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।
আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান জানিয়েছেন, নিপুণের আপিলের প্রেক্ষিতে আমরা ভোট পুনর্গণনা করি। এতে পুরনো ফলই সঠিক বলে সিদ্ধান্ত হয়েছে।
সোহান জানান, ভোট পুনর্গণনার সময় উপস্থিত ছিলেন দুই সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ ও জায়েদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোহান বলেন, ‘নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।’
এদিকে আগামীকাল নিপুণ পরাজয় ও ভোটের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এফডিসিতে এসে এ সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি।
গতকাল শুক্রবার নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু ভোটারদের মাঝে টাকা বিতরণে অভিযোগ আনেন নিপুণ। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।
