শিল্পী সমিতির বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করেছেন সাধারণ সম্পাদক জায়েদ খান। এবছরও এমন পরিকল্পনাই ছিলো। কিন্তু ভোটের মাঠে জায়েদ বিজয়ী হলেও পরাজয় বরণ করেছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর।
শনিবার ভোর পৌনে ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাই কিছুটা ভারাক্রান্ত টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক বিজয়ী জায়েদ খান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানালেন, আমার প্যানেলের সভাপতি প্রার্থী মিশা ভাইকে মিস করবো। তার সাথে দুই টার্মে চার বছর কাজ করেছি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল।
ইলিয়াস কাঞ্চনের সাথে নতুন জুটি প্রসঙ্গে জায়েদ খান বলেন, মিশা ভাইয়ের সাথে একটা সেটআপ ছিল। সেটা খুব মিস করবো। কাঞ্চন ভাই উপদেষ্টা হিসেবে আমাদের সাথে কাজ করেছেন। তিনি আগে সাধারণ সম্পাদকও ছিলেন। তার অভিজ্ঞতা আছে। আশা করি একসাথে শিল্পীদের স্বার্থে কাজ করতে পারবো। ডিপজল ভাই, রুবেল ভাইসহ আমাদের প্যানেলের সিনিয়ররা নির্বাচিত হয়েছেন। এতে কাজ করা সুবিধে হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ প্রসঙ্গে তিনি বলেন, তার জন্য শুভকামনা। সে প্রথমবার নির্বাচন করে ভালো করেছে। আশা করি কাজের ক্ষেত্রে তার সহযোগিতা পাবো।
উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনের পর শনিবার ভোর পৌনে ছয়টার দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।
সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ।
২১৯ ভোট পেয়ে ডিপজল ও ১৯১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে রুবেল নির্বাচিত হয়েছেন। , সহ সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোট নিয়ে৷ তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর ১৮৪ ভোট নিয়ে, আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরীর কাছে নিরব হেরেছেন ১৩৪ ভোট পেয়ে৷
দপ্তর সম্পাদক পদে আরমান পেয়েছেন ২৩২ ভোট৷ তার কাছে জ্যাকি আলমগীর হেরেছেন ১০৭ ভোট পেয়ে৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। তার ভোট ২০৩। জাকির হেরেছেন ১৩৬ ভোট নিয়ে৷
আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন ১৯৩ ভোট পেয়ে। তার সঙ্গে ফরহাদ হেরে গেছেন ১৪৬ ভোট পেয়ে।
কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস। মৌসুমী পেয়েছেন ২২৫ ভোট, অঞ্জনা ২২৫, রোজিনা ১৮৫, অরুণা বিশ্বাস ১৯২, আলীরাজ ২০৩, সুচরিতা ২০১, কেয়া ২১২, ফেরদৌস, অমিত হাসান ২২৭, জেসমিন ২০৮, চুন্নু ২২০ ভোট পেয়েছেন।
