বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন মিশা সওদাগর ও মৌসুমী। ওই নির্বাচনে মিশার কাছে হেরে যান নায়িকা মৌসুমী।
এবারের নির্বাচনে মিশার প্যানেলে যোগ দিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী’খ্যাত এই নায়িকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী নিজেই।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী বলেন, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন তিনি। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রাখতেই নির্বাচনে এসেছি।
জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করে বলেই তাদের প্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি।
তিনি বলেন, অনেকে চাইছিলেন আমি যেন কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করি। কিন্তু নানা ব্যস্ততায় বড় পদে নির্বাচন এ মুহূর্তে সম্ভব নয়। তাই কার্যনির্বাহী সদস্যপদে দাঁড়িয়েছি। কাজ করতে চাইলে যে কোনো পদে থেকেই করা যায়।
নির্বাচনে জয়লাভ করলে কোন কাজে মনোযোগী হবেন? জানতে চাইলে মৌসুমী বলেন, নির্বাচনে আমরা কোনো ইশতেহার দেইনি। চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এখন সিনেমা কম নির্মাণ হচ্ছে। আমাদের কাজও কম। চলচ্চিত্রের অন্যান্য সমিতির সঙ্গে সমন্বয় করে আমাদের সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাব। চলচ্চিত্র শিল্পীদের পাশে সবসময় ছিলাম। আগামীতেও শিল্পীদের সুখে-দুঃখে পাশে থাকব।
