দেশ লুটরাজ, দুর্নীতিবাজ ও মুনাফা লোভীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথে লুটেরাদের প্রতিরোধ করতে হবে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে লুটেরাদের প্রতিরোধ করতে না পারলে দেশটার শেষ পরিণতি শুভ হবে না।
শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়া পল্টনের যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মহাসচিব বলেন, রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোনো সংকট থেকে উত্তরণে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অনুসরণের বিকল্প নেই। তার দর্শনের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। দেশে দুর্নীতি-দুর্বৃত্তায়নের যে মহামারি চলছে তা থেকে জাতিকে রক্ষা করতে হবে।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি বলে মনে করে তিনি আরও বলেন- আগামী প্রজন্মের পক্ষেই সম্ভব ভাসানীর আজন্ম আকাঙ্ক্ষিত শ্রেণিহীন-বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। তরুণরাই তো আমাদের ভরসার কেন্দ্র। তাদের প্রতিই আমাদের সব প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন- এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক মিতা রহমান প্রমুখ।
